লোহাগাড়ায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আমার দেশ পত্রিকার সাংবাদিক সেলিম উদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার চুনতি ইউনিয়নের ফোর সিজন রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাংবাদিক সেলিম উদ্দিন বাদী হয়ে লোহাগাড়া থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে চুনতি ডেপুটি পাড়ার মো. আসিফ (৩৭), আধুনগরের মো. জুনাঈদ (৩৮), চুনতি কুমুদিয়া পাড়ার মো. হোসাইন ও শাহসাহেব গেইট এলাকার মো. তৈয়বকে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ মার্চ চুনতির মাটিখেকোদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে হামলার পরিকল্পনা করা হয়। শনিবার আজিজনগর থেকে লোহাগাড়ায় ফেরার পথে হামলাকারীরা সাংবাদিক সেলিম উদ্দিনকে মারধর করে গুরুতর আহত করে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করে, পরে তাকে পাশের একটি দোকানে নিয়ে পুনরায় মারধর ও অপহরণের চেষ্টা চালায়। এ সময় তার কাছে থাকা ৩৮ হাজার ৭০০ টাকা ও প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এলাকাবাসী সূত্র জানা যায়, চুনতি ইউনিয়নে আসিফ ও তৈয়ব মাটি খেকো ও সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ এলাকাবাসী এবং দীর্ঘদিন দিন ধরে হোসেন জাঙ্গিয়া এলাকায় ডাকাতি ও জুনাইদ ইয়াবা বিক্রির সাথে জড়িত রয়েছে।
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।