
চাঁদপুর প্রতিনিধি : আজ শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে একটি পথসভায় বক্তব্য রাখবেন তিনি।
পথসভাকে ঘিরে সভাস্থলে হাজারো নেতাকর্মীর ভিড় দেখা গেছে।দুপুর সোয়া ১২টার পর তিনি সভাস্থলে পৌঁছার কথা রয়েছে।
দাউদকান্দি থেকে পথে পথে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এমপিদের অনুসারী নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে রাস্তার পাশে দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছেন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, এরই মধ্যে প্রধানমন্ত্রীর বহনকারী বাস মহাসড়কের ময়নামতি অতিক্রম করেছেন।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া সমকালকে বলেন, সমাবেশস্থলটি গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের নির্বাচনী এলাকায়। তিনি প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখবেন।
এ ছাড়াও দলের বেশ কয়েকজন সিনিয়র নেতাও এরই মধ্যে বক্তব্য দেওয়া শুরু করেছেন।
তিনি আরও বলেন, সময় পেলে প্রধানমন্ত্রীর নিকট কুমিল্লা বিভাগসহ বেশ কিছু দাবি জানানো হতে পারে।