
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা, ২ হাজার পিস ইয়াবা,
৩৯ বোতল নেশাজাতীয় চকো ও ৬ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো. হানিফ ভূঁইয়া (৪১)। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটে সবুজবাগ থানাধীন মানিকদিয়া তিতাস রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকদিয়া এলাকায় কয়েকজন মাদক কারবারির অবস্থানের খবর পেয়ে অভিযান পরিচালনা করে সবুজবাগ থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে হানিফকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮ কেজি গাঁজা, ২ হাজার পিস ইয়াবা, ৩৯ বোতল নেশাজাতীয় চকো ও ৬ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে পেশাদার মাদক কারবারি হিসেবে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর সবুজবাগ এলাকায় বিক্রি করতেন বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।