বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম সংক্রান্ত ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এ সংশোধন এনে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত বিধি অনুযায়ী জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের শার্টের রং হবে গাঢ় নীল এবং ট্রাউজারের রং খাকি। তবে মহানগর পুলিশের সদস্যদের শার্টের রং নির্ধারণ করা হয়েছে লাইট অলিভ।
গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারায় দেওয়া ক্ষমতাবলে এই সংশোধনী আনা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগের আয়রন রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের জন্য গাঢ় নীল রঙের টিসি কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের ক্ষেত্রে শার্ট হবে লাইট অলিভ রঙের। পাশাপাশি আগের কফি রঙের ট্রাউজারের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার পরতে হবে।
এ ছাড়া আয়রন রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের পরিবর্তে জেলা পুলিশ সদস্যদের জন্য গাঢ় নীল রঙের এসব পোশাক নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের ক্ষেত্রে এসব পোশাক হবে লাইট অলিভ রঙের।