যশোর প্রতিনিধি:
ঝুমঝুমপুরে শিগগিরই মাদকবিরোধী বিশেষ অভিযান, কারবারিদের সতর্কবার্তা
যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই এলাকায় ব্যাপক মাদকবিরোধী অভিযান শুরু হবে। এ সময় মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,
ঝুমঝুমপুর এলাকায় মাদক সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও তথ্যের ভিত্তিতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য মাদক কারবারিদের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম চলছে।
এ বিষয়ে অধিদপ্তরের কর্মকর্তারা মাদক কারবারিদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, "মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের জন্য কোনো ছাড় নেই। যশোর শহরের পাশাপাশি ঝুমঝুমপুর এলাকাকেও মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।
খুব শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। যারা এখনও মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, তারা সতর্ক হয়ে যান। আইন তার নিজস্ব গতিতেই চলবে।"
কর্মকর্তারা আরও জানান, মাদক শুধু একজন ব্যক্তির নয়, পুরো সমাজের জন্য হুমকি। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
এদিকে ঝুমঝুমপুরের সচেতন মহল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, আসন্ন অভিযানের মাধ্যমে এলাকার মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্তা:
"যশোরকে মাদকমুক্ত করতে চলমান কার্যক্রমের অংশ হিসেবে ঝুমঝুমপুরেও কঠোর অভিযান পরিচালনা করা হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো আপস নয়।"
লি/আ/নিউজ